RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

তৃণমূল নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, কালীপুজোয় চাঞ্চল্য মন্তেশ্বরে

কালীপুজোর দিনে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে এক তৃণমূল নেতার বাড়ি লাগোয়া গোয়ালঘর থেকে বোমা ও গুলি উদ্ধার করল পুলিশ।

কালীপুজোর দিনে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের শাহাজাদপুর এলাকায় এক তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা ও গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নেতার বাড়ির পাশের একটি গোয়ালঘর থেকে চার্রটি বোমা ও তিনটি গুলি পাওয়া গিয়েছে। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ সূত্রে খবর, শাহাজাদপুর এলাকার বাসিন্দা আবুল কাশেম শেখ একসময়ে পঞ্চায়েত সদস্য ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী কামরুন্নেসা বিবি তৃণমূলের পঞ্চায়েত সদস্যা হিসেবে দায়িত্ব পালন করছেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই নেতার বাড়িতে তল্লাশি চালায়। অভিযানের সময় একটি প্লাস্টিক জারের ভেতর থেকে বোমাগুলি এবং একটি ঝুড়ি থেকে গুলিগুলি উদ্ধার হয়।

ঘটনার দিন ওই বাড়িতে কেউ ছিলেন না। পুলিশ পৌঁছানোর আগেই দম্পতি বাড়ি ছেড়ে চলে যান বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে ঘটনাস্থলে ভাতারের দমকল বাহিনী এবং মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি চিকিৎসকের দল পাঠানো হয়েছিল। পাশাপাশি, বম্ব স্কোয়াড একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

গোয়ালঘরে কীভাবে ওই বোমা ও গুলি এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক দম্পতির খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।