RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ব্রাত্য বসু বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, দাবি সুকান্ত মজুমদারের

ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই ব্রাত্য বসু বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ধর্ষণের অভিযোগ ওঠার পরই ব্রাত্য বসু বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলবদলের ইঙ্গিত দিয়েছিলেন ব্রাত্য বসু। তিনি দাবি করেছিলেন, এই মুহূর্তে তিনি তৃণমূলে নেই কারণ দলটি আর নেই। সেই সঙ্গেই তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। ব্রাত্য জানান, ওই মহিলাকে তিনি চেনেন না এবং এই বিষয়ে তিনি আইনি পদক্ষেপ করবেন। সেই সঙ্গে প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবিও জানান তিনি।

ব্রাত্যর এই মন্তব্যের চব্বিশ ঘণ্টার মধ্যে মুখ খোলেন সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের জানান, ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই ব্রাত্য বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে ব্রাত্য বসুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অতীতে তৃণমূল সরকারের মন্ত্রী থাকা ব্রাত্য বিধানসভা ভোটে দলের বিপর্যয়ের পর থেকেই প্রায় আড়ালে চলে গিয়েছিলেন। তবে শনিবার হঠাৎ প্রকাশ্যে এসে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। যদিও দলেরই অন্য একটি অংশের নেতার সঙ্গে তাঁর কথা হয় বলে জানান তিনি। সুকান্তর এই দাবির পর রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।