বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
দিলজিতের কনসার্টে হাতাহাতি ও ই-সিগারেট ব্যবহারের অভিযোগ, শুরু বিতর্ক
আহমেদাবাদের কনসার্টে যুবকদের হাতাহাতি এবং ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট চলাকালীন দর্শকদের একাংশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ২১ নভেম্বর এই কনসার্টটি আয়োজিত হয়েছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কনসার্ট চলাকালীন কয়েকজন তরুণ প্রথমে বচসায় জড়ান এবং পরে তা হাতাহাতিতে গড়ায়। একে অপরকে ধাক্কা ও লাথি মারতে দেখা যায় তাঁদের। উপস্থিত অন্যান্য দর্শকরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও এই সংঘর্ষের কারণ বা জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনার পাশাপাশি কনসার্টে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া অপর একটি ভিডিওতে এক ব্যক্তিকে ই-সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে। আয়োজকদের নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ভিতরে সিগারেট, ই-সিগারেট, লাইটার এবং তামাকজাত দ্রব্যসহ নানা সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে সেখানে ই-সিগারেট প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই নতুন বিতর্ক প্রসঙ্গে গায়ক দিলজিতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।