ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
যৌতুক হিসাবে গাড়ি চাওয়ায়, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙল পাত্রীপক্ষ
উত্তরপ্রদেশের মিরাটে যৌতুকের দাবিতে গাড়ি চাওয়ায় বরপক্ষের হাতে খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে ভেঙে দিলেন কনে ও তাঁর পরিবার।
উত্তরপ্রদেশের মিরাটে বিয়ের অনুষ্ঠানে হবু স্বামীর পরিবারের তরফ থেকে চার চাকার গাড়ি দাবি করা হয়। এই ঘটনায় অবাক হয়ে যায় কনের পরিবার। গাড়ি দেওয়ার বদলে পাত্রের বাবার হাতে একটি খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে বাতিল করে দেন তাঁরা। সোলানা গ্রামে এই ঘটনা ঘটেছে। পাত্রীপক্ষের এই পদক্ষেপের একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে দুই পরিবারের সম্মতিতে মিরাটের সোলানা গ্রামের এক তরুণীর সঙ্গে জ্ঞানপুর গ্রামের এক যুবকের বিয়ের দিন ঠিক হয়েছিল। সম্প্রতি কনের বাড়িতে পাটিপত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে বরের পরিবারের সকলে উপস্থিত হন। খাওয়া-দাওয়ার মাঝেই বরের বাবা যৌতুক হিসাবে একটি বিলাসবহুল গাড়ি দাবি করেন।
হঠাৎ এমন দাবিতে বিপাকে পড়লেও কনের বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেননি। তবে বরপক্ষের লোকজন যখন বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কনের পরিবার এক অভিনব সিদ্ধান্ত নেয়। তাঁরা বাজার থেকে একটি প্লাস্টিকের খেলনা গাড়ি কিনে এনে বরের বাবার হাতে তুলে দেন। সেই সঙ্গে জানিয়ে দেন, এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বরের পরিবারের এক সদস্যের হাতে হলুদ রঙের একটি খেলনা গাড়ি ধরিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার পর ওই বিয়ে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। কনের পরিবারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।