RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আলিপুরদুয়ারে সেতু ভেঙে আহত শ্রমিক, ধসে পড়ল ইস্ট-ওয়েস্ট করিডরের অংশ

আলিপুরদুয়ারের ঘরঘরিয়াহাটা এলাকায় ইস্ট-ওয়েস্ট করিডরের নির্মীয়মাণ সেতু ভেঙে চার শ্রমিক আহত হয়েছেন।

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট করিডরের একটি অংশ ভেঙে চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার গভীর রাতে ঘরঘরিয়াহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাতারাতি দ্রুত গতিতে কাজ চলার সময় সেতুর একটি অংশ আচমকা ধসে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। জেসিবি ও অন্যান্য উদ্ধারকারী যন্ত্রের সাহায্যে চার শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত শ্রমিকরা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তাঁদের আঘাত গুরুতর হলেও তাঁরা বিপদমুক্ত।

এদিকে খবর পেয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থলে যায়। তাদের এক প্রতিনিধি জানান, তাঁরা পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছিলেন এবং প্রশাসনকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। রবিবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। গুজরাটের পোরবন্দর থেকে অসমের শিলচর পর্যন্ত বিস্তৃত প্রায় তিন হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট করিডর প্রকল্পের কাজ চলছে আলিপুরদুয়ারের উপর দিয়ে।