RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ফেডারেশনের নির্বাচনে ব্রুনো, আনচেরিরা, প্রার্থী হতে রাজি হননি বাইচুং

ফেডারেশনের এসওএম নির্বাচনে নির্বাচিত হলেন ব্রুনো কুটিনহো ও জো পল আনচেরি সহ চার প্রাক্তন ফুটবলার।

নিখিল ভারত ফুটবল ফেডারেশনের স্পোর্টস পার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিটের চারটি আসনের নির্বাচনে জয়ী হলেন ব্রুনো কুটিনহো, জো পল আনচেরি, বেন্টেলা ডি’কথ এবং ওনাম বেমবেম দেবী। আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ফেডারেশনের কার্যকরী কমিটির নির্বাচনে ভোট দেবেন এই চার প্রাক্তন ফুটবলার। এই নির্বাচনে ভোটাধিকার ছিল চল্লিশজন প্রাক্তন ফুটবলারের।

ভোটাদের তালিকায় নাম থাকলেও বাইচুং ভুটিয়া এবং আইএম বিজয়ন প্রার্থী হতে রাজি হননি। তাঁদের মত ছিল, একই ব্যক্তি বারবার কমিটিতে না থেকে অন্য প্রাক্তনদের সুযোগ পাওয়া উচিত। তবে ভারতীয় ফুটবলের স্বার্থে তাঁরা যে কোনো মুহূর্তে পাশে থাকবেন বলে জানিয়েছেন।

এই নির্বাচনে মোট নজন প্রাক্তন ফুটবলার মনোনয়ন জমা দিয়েছিলেন। পুরুষদের মধ্যে ব্রুনো ও আনচেরি ছাড়াও লড়াইয়ে ছিলেন ইউ শারফ আলি ও মুস্তাক আলি। মহিলাদের মধ্যে বেন্টেলা ও বেমবেমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন শুক্লা দত্ত, কল্পনা দাস এবং শ্রদ্ধাঞ্জলি সামন্তরায়। নির্বাচন আধিকারিক রাজীব শর্মা শারফ আলি ও শ্রদ্ধাঞ্জলির নাম প্রত্যাহারের আবেদন খারিজ করে দেন।