RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

জম্মুতে বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া নদিয়ায়

শিক্ষকতা ছেড়ে বিএসএফে যোগ দেওয়া নদিয়ার এক জওয়ানের জম্মুতে আকস্মিক মৃত্যু হয়েছে, রাষ্ট্রসঙ্ঘের পুরস্কারপ্রাপ্ত এই জওয়ানের প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।

জম্মুতে ডিউটি করার সময় নদিয়ার এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম অরুণাভ মুখোপাধ্যায়। তিনি বিএসএফের ১৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নদিয়ার শিবনিবাস এলাকায়। শিক্ষকতা পেশা ছেড়ে তিনি সীমান্ত রক্ষী বাহিনীতে যোগ দিয়েছিলেন। আন্তর্জাতিক শান্তি রক্ষায় বিশেষ অবদানের জন্য এর আগে রাষ্ট্রসঙ্ঘের তরফে তাঁকে পুরস্কৃত করা হয়েছিল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই জওয়ান। জগিং করার সময় আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে বাঁচানো সম্ভব নয় বলে জানান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।

শুক্রবার দুপুরে তাঁর মরদেহ বিশেষ বিমানে ও গাড়িতে করে গ্রামের বাড়িতে এসে পৌঁছয়। শেষকৃত্যের আগে তাঁকে পূর্ণ সামরিক সম্মান জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে কফিনটি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাড়িতে তাঁর স্ত্রী, এক পুত্র সন্তান এবং বাবা-মা রয়েছেন। গ্রামের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এলাকার বাসিন্দারাও এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।