বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডি লিট পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি লিট উপাধি দেওয়া হবে।
আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে। গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবর্তনে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি লিট উপাধি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই সমাবর্তনে বিজ্ঞানী ও অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকেও সাম্মানিক ডিএসসি ডিগ্রি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি এই সম্মানপ্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। গত ১৭ নভেম্বর রাজভবন থেকে এই সংক্রান্ত চিঠি উপাচার্য শঙ্কর কুমার নাথের কাছে এসে পৌঁছয়। সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের শংসাপত্র বিতরণের পাশাপাশি এই বিশিষ্ট ব্যক্তিদের হাতে সাম্মানিক তুলে দেওয়া হবে।
চলচ্চিত্র জগতে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে অবদান রেখেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর ঝুলিতে রয়েছে পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারের মতো একাধিক সম্মান। এবার তাঁর মুকুটে যুক্ত হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডি লিট উপাধি।