ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ওড়িশার জাজপুরে দুর্ঘটনা, পুরীগামী বাসের ধাক্কায় আহত একাধিক যাত্রী
পশ্চিমবঙ্গ থেকে পুরী যাওয়ার পথে ওড়িশার জাজপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল বাস, আহত একাধিক যাত্রী।
পশ্চিমবঙ্গ থেকে পুরী যাওয়ার পথে ওড়িশার জাজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। শুক্রবার সকালে বদাচনা থানা এলাকার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনায় কোনও মৃত্যুর খবর না মিললেও, একাধিক যাত্রী আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ধাক্কা লাগার ফলে যাত্রীরা বাসের মধ্যে ছিটকে পড়েন। এতে অনেকের মাথা ফেটেছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। স্থানীয় বাসিন্দারা প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও অ্যাম্বুল্যান্স এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত গতি, চালকের অসাবধানতা নাকি কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।