RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

গাজিয়াবাদে ব্যবসায়ীকে বিষ প্রয়োগের অভিযোগ, গ্রেফতার স্ত্রী

স্বামী, সন্তান ও ভাইপোকে খুনের ছক কষেছিলেন স্ত্রী, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।

গাজিয়াবাদের এক ব্যবসায়ীকে দীর্ঘ দিন ধরে বিষ প্রয়োগের অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। আক্রান্ত ব্যবসায়ীর নাম সুশীল কুমার ভাটনাগর। জানা গিয়েছে, ৬ কোটি টাকা মূল্যের একটি ট্র্যাভেল এজেন্সি রয়েছে তাঁর। পাশাপাশি, ২ কোটি টাকার জীবন বিমাও রয়েছে তাঁর নামে। ব্যবসায়ী নিয়মিত অসুস্থ হয়ে পড়ছিলেন। চিকিৎসকের পরামর্শে শারীরিক পরীক্ষা করা হলে তাঁর শরীরে সীসার উপস্থিতি ধরা পড়ে। চিকিৎসকরা জানান, তাঁকে দীর্ঘ দিন ধরে 'স্লো পয়জনিং' করা হচ্ছিল। ব্যবসায়ীর অভিযোগ, শুধুমাত্র তাঁকেই নয়, তাঁর সন্তান এবং ভাইপোকেও খুনের পরিকল্পনা করেছিলেন তাঁর স্ত্রী রেণু ভাটনাগর। পারিবারিক সম্পত্তি একার দখলে আনাই ছিল অভিযুক্তের মূল লক্ষ্য। গত ২৪ সেপ্টেম্বর ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তের পর ২৩ নভেম্বর অভিযুক্ত রেণুকে গ্রেফতার করে পুলিশ। জেরায় অভিযুক্ত জানিয়েছেন, লোভের বশেই তিনি এই কাজ করেছেন। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।