RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ফ্ল্যাট কিনলেই পার্কিংয়ের অধিকার স্বয়ংক্রিয় নয়, রায় হাই কোর্টের

বিক্রয় দলিলে উল্লেখ না থাকলে ফ্ল্যাট কিনলেই পার্কিংয়ের অধিকার পাওয়া যায় না, সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

ফ্ল্যাট কিনলেই যে গাড়ি রাখার জায়গার ওপর আইনি অধিকার তৈরি হয় না, তা স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, বিক্রয় দলিলে পার্কিংয়ের বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ না থাকলে শুধু ফ্ল্যাট কেনার ভিত্তিতে পার্কিংয়ের জায়গা দাবি করা যায় না। এই রায় দিয়ে একটি মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি পার্থসারথি সেন।

আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, শ্রাবণ কুমার আগরওয়াল নামের এক ব্যক্তি গল্ফ গ্রিন আর্বান কমপ্লেক্সের একটি ফ্ল্যাট কিনেছিলেন। ১৯৯৩ সালের ৩০ মার্চ রেজিস্টার্ড দলিলের মাধ্যমে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর হয়েছিল। সেই সময় পূর্বতন মালিকরা একটি আলাদা চিঠিতে তাঁকে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ হাউজিং বোর্ডের কাছ থেকে পার্কিংয়ের জায়গা বরাদ্দ পেলে তা হস্তান্তর করা হবে। আবেদনকারীর পক্ষে সম্পত্তি হস্তান্তর আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে দাবি করা হয়, ফ্ল্যাট কেনার সুবাদেই পার্কিংয়ের অধিকারও তাঁর ওপর বর্তায়।

অন্যদিকে, হাউজিং বোর্ডের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ১৯৯৩ সালের মূল বিক্রয় দলিলে গাড়ি পার্কিং সংক্রান্ত কোনো উল্লেখ ছিল না। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায় দেয় যে, ওই পার্কিংয়ের জায়গাটি ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিল বা দলিলের মাধ্যমে হস্তান্তরিত হয়েছিল, তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন আবেদনকারী।