RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

জয়পুরে ক্যাফে মালিকের উপর হামলা, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ

কাজ সেরে বাড়ি ফেরার পথে জয়পুরে দুই দুষ্কৃতীর হামলার শিকার হলেন এক ক্যাফে মালিক, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ।

কাজ সেরে বাড়ি ফেরার পথে জয়পুরে এক ক্যাফে মালিকের উপর হামলার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, আক্রান্তের নাম ময়ঙ্ক গোপালিয়া। তিনি 'ওভেন দ্য বেকারি' নামের একটি ক্যাফের মালিক। গত ৫ নভেম্বর রাতে বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লোহার রড দিয়ে ময়ঙ্কের মাথা, পিঠ এবং পায়ে ব্যাপক মারধর করা হয়। হামলার পর রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্যাফের কর্মীদের দাবি, শাবানা খান ও তাঁর স্বামী শাহরুখ এই ঘটনার নেপথ্যে থাকতে পারে। কিছুদিন আগে ময়ঙ্কের সঙ্গে ওই দম্পতির ঝামেলা হয়েছিল এবং তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেন এই আক্রমণ, তা জানতে শুরু হয়েছে তদন্ত।