RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বিচারপতিদের নিয়ে মন্তব্য, অভিষেককে শোকজ হাই কোর্টের

সোশ্যাল মিডিয়ায় বিচারব্যবস্থা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিস পাঠাল কলকাতা হাই কোর্ট।

আদালত এবং বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়েছে, আগামী পনেরো দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হতে পারে। এই মামলার পরবর্তী শুনানি আগামী আট ডিসেম্বর। গত সাত নভেম্বর নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন ওই সাংসদ। তাঁর কালীঘাটের বাসভবনের সামনে নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনার পরেই ওই পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে দেশের সর্বোচ্চ আদালত ও রাজ্য হাই কোর্টকে নীরব দর্শক বলে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। বিচারপতি রাওয়ের পর্যবেক্ষণ, একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং তা ফৌজদারি অপরাধের সমতুল্য। বিচারব্যবস্থাকে নিয়ে এমন মন্তব্য মোটেই কাম্য নয় বলে মনে করেছে উচ্চ আদালত।