RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আদালত অবমাননার মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ দর্শানোর নির্দেশ হাইকোর্টের

সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টের জেরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ পাঠাল কলকাতা হাইকোর্ট।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করার জেরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে ওই নেতার কাছে জবাব তলব করা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে রুল জারি করা হবে না, তা জানাতে বলা হয়েছে।

গত ৭ নভেম্বর একটি পোস্ট করেছিলেন ওই রাজনৈতিক নেতা। বিচারব্যবস্থার মানহানি করা হয়েছে ওই পোস্টে, এমনটাই মনে করছে আদালত। প্রাথমিক বিচারে একে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বিচার প্রক্রিয়া চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে ওই পোস্টের বিষয়টি আদালতের নজরে আনা হয়। এর পরই বিচারপতির নজরে বিষয়টি আসে।

পূর্বে নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন হামলা ও নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই নেতা। তাঁর নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে বলেও আদালতে জানানো হয়। সেই মামলার শুনানির মাঝেই সোশ্যাল মিডিয়া পোস্ট সংক্রান্ত বিষয়টি সামনে আসে।