পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
আড়াই মাস ধরে বন্ধ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, মামলা গেল নিয়মিত বেঞ্চে
প্রায় আড়াই মাস ধরে বন্ধ থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস সংক্রান্ত মামলা নিয়মিত বেঞ্চে পাঠাল কলকাতা হাই কোর্ট।
প্রায় আড়াই মাস ধরে বন্ধ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস। ফরেনসিক পরীক্ষা না হওয়ার কারণ দেখিয়ে এবং বিদ্যুৎ অপচয়ের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে কালীঘাট শিবির। সেই মামলাটি এবার নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে অবকাশকালীন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর। গত ৩ সেপ্টেম্বর পুলিশ ওই পার্টি অফিসটি বন্ধ করে দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেখানে ফরেনসিক পরীক্ষা হবে। কিন্তু এতদিনেও তা না হওয়ায় প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। আদালতে জানানো হয়েছে, অফিস বন্ধ থাকলেও ভেতরের আলো-পাখা চলছে, যার ফলে বিদ্যুতের খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। ক্যামাক স্ট্রিটের ওই বহুতলের ফায়ার সেফটি বা অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি এবং আইনি জটের কারণেই অফিসটি বন্ধ করা হয়েছিল বলে জানা গেছে। পাশাপাশি বিলবোর্ড সংক্রান্ত অনিয়মের অভিযোগও রয়েছে। এর আগে পুরসভা ও দমকলের তরফে ওই ভবনে অভিযান চালানো হয়। দমকল সূত্রে খবর, গত ১০ আগস্ট ওই কার্যালয়ের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তারপর কোনো নতুন আবেদন করা হয়নি। অভিযানে ছয় ধরনের বেনিয়ম ধরা পড়ার পরই অফিসটি বন্ধ করার পদক্ষেপ করা হয়।