RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

বাড়িতে তারামার ছবি রাখা যাবে কি, কী বলছেন শাস্ত্রজ্ঞরা

তারাপীঠের তারামায়ের ছবি বা মূর্তি বাড়িতে রাখা নিয়ে কী বলছেন শাস্ত্রজ্ঞরা, জেনে নিন বিস্তারিত।

তারাপীঠের তারামায়ের দর্শন করতে গেলে অনেকে মূর্তি বা ছবি বাড়িতে নিয়ে আসেন। বাড়ির ঠাকুরের আসনে কিংবা দেওয়ালে সেই ছবি টাঙিয়ে রাখেন। তবে বাড়িতে তারামার ছবি বা মূর্তি রাখা নিয়ে রয়েছে নানা মত।

শাস্ত্রজ্ঞদের মতে, গৃহস্থ বাড়িতে তারামার মূর্তি রাখা উচিত নয়। তাঁদের ব্যাখ্যা, তারামা, ছিন্নমস্তা এবং শ্মশানকালীর অধিষ্ঠান শ্মশানে। বাড়ির পরিবেশের সঙ্গে শ্মশানের পরিবেশের মিল নেই। মূর্তি বাড়িতে থাকলে সংসারের অকল্যাণ হতে পারে এবং নিত্যদিন অশান্তি লেগেই থাকতে পারে বলে মত শাস্ত্রজ্ঞদের।

তবে ছবি রাখতে কোনও সমস্যা নেই বলেই জানাচ্ছেন তাঁরা। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ছবিটি যেন সম্পূর্ণ মুকুট-সহ হয়। তারামায়ের চরণও বাড়িতে রাখতে পারেন। বিশেষ কোনও স্বপ্নাদেশ পেলে বাড়িতে তারামায়ের মূর্তি রাখা যায়, তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।

এ ছাড়া কৃষ্ণকালী বা বামাকালীর মূর্তি বাড়িতে রাখতে পারেন বলেই জানান শাস্ত্রজ্ঞরা। এই রূপগুলি দেবীর শান্ত রূপ হিসেবে পরিচিত। তাই এগুলি বাড়িতে থাকলে সংসারের অকল্যাণের কোনও আশঙ্কা থাকে না বলেই মত তাঁদের।