বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা পোস্টে ধাক্কা গাড়ির, আটক চালক
হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা পোস্টে একটি গাড়ি ধাক্কা মারার জেরে সাময়িক লকডাউন জারি করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা পোস্টে একটি গাড়ি ধাক্কা মেরেছে। সোমবার স্থানীয় সময় সকালে এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। সেই সময় হোয়াইট হাউসের অন্দরেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ একটি রুপালি রঙের গাড়ি হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কোয়ারের উত্তর দিকের নিরাপত্তা বেষ্টনীতে সজোরে ধাক্কা মারে। গাড়িটি থামার পর চালক বাইরে বেরিয়ে আসেন। এরপরই তিনি সেখানে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চালককে আটক করেন নিরাপত্তারক্ষীরা। তবে ধৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এই ঘটনার পরই হোয়াইট হাউস এবং তার আশপাশের চত্বর সাময়িকভাবে লকডাউন করা হয়। অতিরিক্ত নিরাপত্তারক্ষী ও সিক্রেট সার্ভিস এজেন্টদের মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঠিক কী কারণে চালক গাড়িটি নিয়ে নিরাপত্তা পোস্টে ধাক্কা মারলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এটি স্রেফ দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়।