পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ব্যান্ড পার্টি ও সংকীর্তনে শেষবিদায়, সিমলাপালে প্রয়াত ১০৩ বছরের বৃদ্ধা
ব্যান্ড পার্টি ও খোল-করতালের তালে হরিনাম সংকীর্তণের মধ্য দিয়ে বাঁকুড়ার সিমলাপালের জড়িষ্যা গ্রামে সম্পন্ন হলো ১০৩ বছরের সুভদ্রা মহান্তীর অন্তিমযাত্রা।
বাঁকুড়ার সিমলাপালের জড়িষ্যা গ্রামে ১০৩ বছর বয়সে জীবনাবসান হয়েছে সুভদ্রা মহান্তীর। বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
১৩৩০ বঙ্গাব্দে সারেঙ্গার নেতুরপুর গ্রামে জন্ম হয়েছিল সুভদ্রার। মাত্র ১১ বছর বয়সে তাঁর বিয়ে হয় এবং তিনি জড়িষ্যা গ্রামে আসেন। দীর্ঘ জীবনে তিনি তিন ছেলে, সাত মেয়ে সহ মোট ১১০ জন উত্তরসূরি রেখে গেছেন। নাতি-নাতনি ও পুতি-পুতনিদের নিয়ে তাঁর চার প্রজন্মের পরিবার ছিল বিশাল। পরিবারের সদস্যরা জানান, তাঁর শততম জন্মদিনও ধুমধাম করে পালন করা হয়েছিল।
তবে প্রবীণা এই নারীর শেষযাত্রায় কান্নার বদলে উৎসবের আমেজ রাখতে চেয়েছিল পরিবার। শুক্রবার সকালে তাঁর অন্তিমযাত্রায় রাখা হয় ব্যান্ড পার্টি। খোল-করতালের তালে হরিনাম সংকীর্তণ ও ফুলে সাজানো খাটে শায়িত সুভদ্রাদেবীর মরদেহ নিয়ে চার প্রজন্মের উত্তরসূরিরা হাঁটাহাঁটি করেন। ব্যান্ড ও ঢালের তালে এই ব্যতিক্রমী শেষবিদায় দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিলেন বহু গ্রামবাসী।