ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
দলাই লামার জন্য সরকারি বাংলো বরাদ্দ কেন্দ্রের, বাড়ানো হল নিরাপত্তা
দিল্লিতে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার জন্য সরকারি বাংলো বরাদ্দ করেছে নরেন্দ্র মোদি সরকার এবং বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা।
দিল্লিতে তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার থাকার জন্য একটি সরকারি আবাসন বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে তাঁর নিরাপত্তার ব্যবস্থাও আরও কড়া করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, দিল্লির ২০ নম্বর পণ্ডিত রবিশঙ্কর শুক্লা লেনের একটি বাংলো বৌদ্ধ ধর্মগুরুর দপ্তরের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। এই ভবনের সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে সম্প্রতি। ভবনের বাইরে দলাই লামার কার্যালয় ‘গাদেন ফোদ্রাং’-এর নামফলক চোখে পড়েছে। গত বছর অক্টোবর মাসে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক বাংলোটি বিদেশ মন্ত্রককে প্রদান করে। পরবর্তীতে বিদেশ মন্ত্রক ভবনটি দলাই লামার কার্যালয়ের বরাদ্দে ছাড়পত্র দেয়।
চলতি বছর জুলাই মাসে কেন্দ্রীয় পূর্ত দপ্তর এই বাসভবন মেরামতির জন্য প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার একটি টেন্ডার ডেকেছিল। পাশাপাশি ধর্মগুরুর সুরক্ষার কথা মাথায় রেখে সীমানা প্রাচীর উঁচু করা, কাঁটাতারের বেড়া দেওয়া এবং নতুন গেট লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।
সম্প্রতি দলাই লামা জানিয়েছেন, তাঁর গাদেন ফোদ্রাং ট্রাস্টই তাঁর পরবর্তী উত্তরসূরি বেছে নেওয়ার অধিকারী। যদিও এই বিষয়ে আপত্তি জানিয়েছে চিন। বেইজিংয়ের দাবি, উত্তরসূরি চয়নের অধিকার তাদের হাতেই রয়েছে।