ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সারা দেশেই কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি, ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, সরকার সারা দেশেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে জোরালো সওয়াল করলেন কেন্দ্রের এক মন্ত্রী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাঁদের সরকার সারা দেশে এই আইন আনতে বদ্ধপরিকর।
কেন্দ্রীয় আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রীর দায়িত্বে থাকা অর্জুন রাম মেঘওয়াল জানান, এই আইনের শক্ত সাংবিধানিক ভিত্তি রয়েছে। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে বলে মনে করিয়ে দেন তিনি। সুপ্রিম কোর্টও অতীতে এই বিষয়ে মতামত জানিয়েছে বলে জানান তিনি।
গোয়া এবং উত্তরাখণ্ডের প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই এই বিধি চালু হয়েছে। তবে এই আইন কয়েকটি এলাকায় আটকে রাখার কোনও প্রয়োজন নেই বলেই মত তাঁর।
রাজনৈতিক মহলের মতে, রাম মন্দির ও ৩৭০ ধারা বাতিলের পর বিজেপি সরকারের পরবর্তী বড় পদক্ষেপ হতে চলেছে এই অভিন্ন দেওয়ানি বিধি। ২০২৯ সালের লোকসভা ভোটের আগেই এনডিএ শাসিত রাজ্যগুলিতে এটি কার্যকর করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে উত্তরাখণ্ড ছাড়াও গুজরাট, অসম এবং মধ্যপ্রদেশে এই আইন চালুর প্রক্রিয়া এগিয়েছে।