পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় আলোকসজ্জায় নতুন রূপ, স্ট্র্যান্ড রোডে বিশেষ রোশনাই
জগদ্ধাত্রী পুজোয় কলকাতার রেড রোডের অনুকরণে সেজে উঠল চন্দননগর স্ট্র্যান্ড রোড, খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
জগদ্ধাত্রী পুজোর আনন্দ ঘিরে সেজে উঠেছে চন্দননগর। শহরের আলোর ঐতিহ্য বজায় রেখেই এবার অভিনব সাজ আনা হয়েছে স্ট্র্যান্ড রোড এলাকায়। কলকাতার রেড রোডের আদলে সাজানো হয়েছে এই অংশটি।
প্রথাগত ছোট বাতি কিংবা এলইডি ব্যবহারের বদলে স্ট্র্যান্ডের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে সার্চলাইট, মিরর বল ও সার্ফি লাইট। এর পাশাপাশি শহরের অন্যান্য অংশে আধুনিক প্রযুক্তির সাহায্যে মেকানিক্যাল বোর্ডের মাধ্যমে বিভিন্ন কাহিনি ও চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রোলারের মাধ্যমে মুহূর্তেই বদলে যাচ্ছে ছবির দৃশ্য।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই বিশেষ আলোকসজ্জার কাজের জন্য প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গুজরাটের একটি সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্ট্র্যান্ডের পাশাপাশি রেল ওভারব্রিজ, মানকুন্দু ও স্টেশন রোড সংলগ্ন এলাকাও আলোয় সেজে উঠেছে। নতুন এই আলোকসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।