পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
দুর্যোগ কাটতেই চন্দননগর ও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন, রবিবার শোভাযাত্রা
বৃষ্টির জেরে পিছিয়ে যাওয়া জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন অবশেষে রবিবার চন্দননগরে এবং সোমবার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হতে চলেছে।
আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছিল জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। অবশেষে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় রবিবার চন্দননগরে এবং সোমবার কৃষ্ণনগরে হবে বিসর্জন।
প্রশাসনের নির্দেশিকা মেনে রবিবার চন্দনগরে নিরঞ্জন শোভাযাত্রা শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে সারা রাত ধরে। এই শোভাযাত্রায় ৬৮টি বারোয়ারি তাদের প্রতিমা ও আলোকসজ্জা নিয়ে অংশ নেবে। এর জন্য মোট ২৪৫টি ট্রাক থাকবে। যে বারোয়ারিগুলি শোভাযাত্রায় যোগ দেবে না, তাদের প্রতিমা রবিবারের শোভাযাত্রা শুরুর আগেই বিসর্জন দিতে হবে। দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং যানজট এড়াতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে পুলিশ ও প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।
অন্যদিকে, বৃষ্টি কেটে যাওয়ায় সোমবার রাতে কৃষ্ণনগরে চাষাপাড়া বুড়িমা সহ একাধিক বারোয়ারির প্রতিমা নিরঞ্জন হবে। চাষাপাড়া বারোয়ারি পুজো কমিটি জানিয়েছে, সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে বুড়িমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবেন। পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্ণব গাঙ্গুলি জানিয়েছেন, ঐতিহ্য মেনে প্রথমে বেহারাদের কাঁধে চড়ে রাজবাড়িতে যাবেন বুড়িমা। সেখানে প্রদক্ষিণ শেষে প্রতিমা জলঙ্গী নদীর ঘাটে নিয়ে যাওয়া হবে। আবহাওয়ার কারণে নির্ঘণ্ট বদলালেও রীতিনীতিতে কোনো পরিবর্তন হচ্ছে না।