RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

জগদ্ধাত্রী পুজোয় যানজট, বাইকে চেপে রোগীর বাড়ি গিয়ে নিখরচে চিকিৎসা দুই বন্ধুর

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর যানজটে অসুস্থদের বাড়ি পৌঁছে নিখরচে চিকিৎসা করছেন দুই বন্ধু।

জগদ্ধাত্রী পুজোর ভিড় ও যানজটের মাঝে চন্দননগরে চালু হয়েছে অভিনব পরিষেবা। পুজোর কদিনের তীব্র যানজট ও নো-এন্ট্রি জেরে অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার সমস্যা মেটাতে এগিয়ে এসেছেন দুই বাল্যবন্ধু। একজন চিকিৎসক অভ্র ঘোষ ও অন্যজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দীপ্তনু মুখোপাধ্যায় চালু করেছেন 'ডক্টর অন হুইলস'।

২০২২ সালে পুজোর সময়ে অভ্রবাবুর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাস্তায় যানজটের কারণে হাসপাতালে পৌঁছতে চরম সমস্যায় পড়তে হয়। কলকাতার এক কর্পোরেট সংস্থায় কর্মরত দীপ্তনু মুখার্জিও একই ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হন। দুই বন্ধুর সেই দুঃস্মৃতি থেকেই এই মানবিক উদ্যোগের ভাবনা আসে।

গত ২০২৩ সাল থেকে পুজোর পাঁচ দিন এই পরিষেবা চলছে। জ্যোতির মোড়ের একটি ক্লিনিককে কেন্দ্র করে এই কাজ শুরু হয়েছে। ফোন পেলেই বাইকে চেপে রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছেন অভ্রবাবু ও দীপ্তনু। সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ইসিজি, রক্ত পরীক্ষা ও সোডিয়াম-পটাশিয়াম পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

চন্দননগরের বারাসাত গেট থেকে তালডাঙা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় এই পরিষেবা পাওয়া যাচ্ছে। জরুরি সাহায্যের জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে। পুজোর কদিন চিকিৎসা পরিষেবা পাওয়া নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ কমাতে এই উদ্যোগ বড় ভরসা হয়ে উঠেছে।