কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
রবীন্দ্র সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা, সিল করা হল সমস্ত গেট
পরিবেশ রক্ষায় জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা বহাল রাখল রাজ্য সরকার।
পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজো নিষিদ্ধ করল রাজ্য সরকার। শনিবার রাত থেকে সরোবরের সমস্ত গেট সিল করে দেওয়া হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবরের জল দূষণমুক্ত রাখতে এই পদক্ষেপ করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সরোবরের মোট ১২টি গেট তালাবন্ধ রাখা হয়েছে এবং শনিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সেখানে সাধারণের প্রবেশ নিষেধ। সরোবর চত্বর ঘিরে ফেলা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। গোটা এলাকার নিরাপত্তায় একজন আইপিএস আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গেটের বাইরে টাঙানো হয়েছে সতর্কতামূলক নোটিসও। এদিকে, ছট পুণ্যার্থীদের জন্য কলকাতার বিভিন্ন জায়গায় বিকল্প ব্যবস্থার বন্দোবস্ত করেছে প্রশাসন। কলকাতা পুরসভার অধীনে মোট ১৬৩টি কৃত্রিম জলাশয় ও বিকল্প ঘাট প্রস্তুত রাখা হয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা শনিবার রবীন্দ্র সরোবর চত্বর পরিদর্শন করেন এবং সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।