RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রবীন্দ্র সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা, কড়া পাহারা ঘাটে ঘাটে

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে রবিবার থেকে শুরু হওয়া ছটপুজোয় কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে রবীন্দ্র সরোবরে।

দুর্গাপুজো ও কালীপুজোর পর এবার শুরু হয়েছে ছটপুজো। রবিবার থেকে শুরু হচ্ছে সূর্যদেবের আরাধনা। উৎসবের মরশুমে শহরের গঙ্গার বিভিন্ন ঘাট প্রস্তুত করা হলেও, দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরোবরের পরিবেশ রক্ষা ও দূষণমুক্ত রাখতে প্রশাসন সম্পূর্ণ তৎপর রয়েছে।

শনিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত রবীন্দ্র সরোবরের সমস্ত গেট বন্ধ রাখা হয়েছে। সরোবরের মোট ১২টি গেটেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গেটগুলির সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। সরোবরের বাইরে ঝুলছে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিসও।

শনিবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা রবীন্দ্র সরোবর চত্বর পরিদর্শন করেন। অন্যদিকে, ছটপুজো পালনের জন্য কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। প্রশাসনের তরফে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে পারেন।