RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পূর্বতন সরকারের ব্যবহারের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, হিঙ্গলগঞ্জে বার্তা শুভেন্দুর

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে গিয়ে পূর্বতন সরকারের আচরণের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দীপাবলির দিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ক্যাম্পে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে কপ্টারে চড়ে তিনি সেখানে পৌঁছন। বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন তিনি। জওয়ানদের মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা জানান।

সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অতীতের সরকারের জমানায় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছিল, তার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমা প্রার্থনা করছেন। দেশের সুরক্ষা এবং সীমান্ত পাহারা দেওয়ার কাজের প্রশংসা করে তিনি জানান, সবার আগে দেশ। সমন্বয় বৈঠক হয়েছে এবং আগামী দিনেও একসঙ্গে কাজ করা হবে।

এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। হিঙ্গলগঞ্জ থানার কাছে একটি পুজোমণ্ডপেও যান মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে হেলিকপ্টারে ফের কলকাতা বিমানবন্দরে ফেরেন তিনি। বিকেলে নন্দীগ্রামে একাধিক কালীপুজো এবং স্থানীয় থানার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।