ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
মেলায় চাউমিন খেয়ে অসুস্থ বহু শিশু, ভর্তি হাসপাতালে
মধ্যপ্রদেশের বালাঘাটে একটি গ্রামীণ মেলায় চাউমিন খেয়ে শতাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় মেলায় চাউমিন খেয়ে শতাধিক শিশুসহ বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে। কিরণপুর এলাকার হির্রী গ্রামে বাৎসরিক মেলা বসেছিল। সেখানে দোকান থেকে চাউমিন খেয়ে বাড়ি ফেরার পরই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
শনিবার রাতের দিকে একে একে অসুস্থ শিশুদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ৪৫ জন শিশুকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি, কয়েকজন প্রাপ্তবয়স্ক মানুষও অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সবমিলিয়ে হাসপাতালে বর্তমানে ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর ৭৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে রবিবার সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের সঙ্গে দেখা করেন বালাঘাটের প্রশাসক আদিত্য সিংহ। তিনি জানিয়েছেন, চিকিৎসাধীন সকলে এখন বিপন্মুক্ত। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে দোকান থেকে চাউমিন বিক্রি করা হয়েছিল, সেখান থেকে খাবার ও মশলার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক শত্রুঘ্ন সিংহ দহিয়া জানিয়েছেন, রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে।