বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
কুড়ি ফুটের অজগরকে স্লাইড বানিয়ে খেলছে শিশুরা, ভাইরাল ভিডিও
ইন্দোনেশিয়ায় কুড়ি ফুট দীর্ঘ একটি অজগরের সঙ্গে শিশুদের খেলাধুলার দৃশ্য নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
ইন্দোনেশিয়ায় প্রায় কুড়ি ফুট লম্বা একটি অজগর সাপের সঙ্গে শিশুদের খেলাধুলার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, গ্রামীণ এলাকায় একটি বিশাল আকৃতির রেটিকুলেটেড পাইথন বা জালিকাযুক্ত অজগরের পিঠে চড়ে পিছলে নামছে কয়েকজন শিশু। সাপটিকে কখনও স্লিপ আবার কখনও দোলনার মতো ব্যবহার করছে তারা। সাপটি বিষাক্ত না হলেও এর পেশির শক্তি অত্যন্ত বেশি। চাইলেই এটি পেঁচিয়ে ধরে আক্রমণ করতে পারত।
ঘটনাটি দেখে সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, সেখানে বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক মানুষও উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা শিশুদের সরিয়ে নেওয়ার বা সাপটিকে তাড়িয়ে দেওয়ার কোনও চেষ্টা করেননি। বরং তাঁদের অনেকেই মোবাইল ফোনে এই ঘটনার ভিডিও রেকর্ড করছিলেন।
বিশেষজ্ঞদের একাংশের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ধরনের অজগর স্থানীয় প্রজাতি এবং অনেক গ্রামীণ এলাকায় মানুষ এদের পোষ মানায়। মানুষের সংস্পর্শে অভ্যস্ত হওয়ার কারণে বন্দি অজগরগুলি অনেক সময় শান্ত স্বভাবের হয়। সেই কারণেই হয়তো সাপটি শিশুদের সঙ্গে এমন আচরণে ক্ষিপ্ত হয়নি। তবে এই ধরনের বিপজ্জনক কার্যকলাপ দেখে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অনেকেই এর সমালোচনা করেছেন।