RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে চিনা নাগরিক গ্রেপ্তার, বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

টিকটকে পরিচয়ের সূত্রে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম চেন ইয়ং। বয়স ৪১ বছর। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গত তিন মাসে তিনি অন্তত ১৫ জন তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও তরুণীদের সঙ্গে পরিচিত হতেন অভিযুক্ত। এর পর প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রস্তাব দিতেন তিনি। স্ট্যাম্প পেপারে ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে বিশ্বাস অর্জন করতেন ওই চিনা নাগরিক। ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তরুণীদের আটকে রেখে ধর্ষণ করা হতো বলে অভিযোগ।

মঙ্গলবার রাতে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জ সদর থানায় বেশ কয়েকজন মহিলা হাজির হন। তাঁদের মধ্যে সাভারের এক তরুণী চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেছেন। মানিকগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্ত এবং অভিযুক্তের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে অন্তত ১৫ জন মহিলার সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ মিলেছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেন ইয়ং দাবি করেছেন, ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে তিনি বাংলাদেশে এসেছিলেন। চিনে তাঁর একটি ছোট অটো গ্যারেজ রয়েছে এবং তিনি গাড়িচালক হিসেবেও কাজ করেন। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।