বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ঢাকার ভিডিও দিল্লি বলে প্রচার, চিনা ভ্লগারদের লাইভ ঘিরে বিতর্ক
ঢাকার দরিদ্র এলাকার দৃশ্য নয়াদিল্লি বলে চালিয়ে চিনের সোশাল মিডিয়ায় লাইভ করছেন প্রায় ১৫০ জন চিনা নাগরিক, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
রাজধানী ঢাকার দরিদ্র এলাকার ছবি তুলে সেগুলি নয়াদিল্লির দৃশ্য হিসেবে চিনের সোশাল মিডিয়ায় প্রচার করছেন প্রায় ১৫০ জন চিনা নাগরিক। এই ঘটনার জেরে শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশি সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, চিনা ভ্লগাররা ঢাকার উত্তরা ও সংলগ্ন এলাকাগুলিতে ঘুরে নিয়মিত লাইভ করছেন।
প্রতিবেদনে প্রকাশ, ‘মিয়ানমিয়ান’ ও ‘ওয়াং ওয়েই’ নামের চিনা নাগরিকরা ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর এবং টেকপাড়া এলাকায় ভিডিও তৈরি করছেন। লাইভ চলাকালীন তাঁরা ওই জায়গাগুলিকে ভারতের রাজধানী দিল্লির অংশ বলে দাবি করছেন। শুধু তাই নয়, সেখানকার বাড়িঘর, পরিচ্ছন্নতা এবং খাদ্যাভ্যাস নিয়ে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ। এক চিনা নাগরিক স্থানীয় চা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া অনুমতি ছাড়াই মানুষের বাড়ি ও রান্নাঘরে ঢুকে ক্যামেরা ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে এই এলাকায় চিনা ভ্লগারদের যাতায়াত বেড়েছে। ভ্লগারদের সাহায্য করার জন্য স্থানীয় কয়েকজন মহিলাকে টাকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগে প্রকাশ। এক চিনা নাগরিক পণ্য প্রচারের কথা বললেও, কেন ঢাকার দরিদ্র এলাকাগুলিকে বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি।