RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

চোরবাগান কাণ্ড, জেরায় মিলল অনভিজ্ঞ রক্ষী নিয়োগের তথ্য

চোরবাগানের পুজোয় ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীদের কোনো প্রশিক্ষণ ছিল না বলে জানিয়েছে লালবাজারের সিট।

মধ্য কলকাতার চোরবাগানে ভিড় সামলানোর দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীদের কারও কোনো পেশাদার প্রশিক্ষণ ছিল না। লালবাজারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে। পুজো কমিটির তরফ থেকে প্রায় ৬০ জন অনভিজ্ঞ রক্ষীকে ভিড় নিয়ন্ত্রণের কাজে লাগনো হয়েছিল।

তদন্তে নেমে সিট মোট একশো জনের বেশি পুলিশকর্মী ও বেসরকারি নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে প্রায় ৬০ জন নিরাপত্তারক্ষী এবং ৪০ জন পুলিশ আধিকারিক রয়েছেন। জেরায় গোয়েন্দারা জানতে পেরেছেন, রক্ষীদের নিয়োগ করেছিলেন দুই ব্যক্তি। মধ্য কলকাতার বিভিন্ন এলাকা থেকে টাকার লোভ দেখিয়ে তাঁদের আনা হয়েছিল। মণ্ডপের ভিড় কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণাই ছিল না।

তদন্তে আরও জানা গিয়েছে, মণ্ডপের প্রস্থান গেট এবং লোহার গেটের মাঝের প্রায় কুড়ি ফুট জায়গাটায় কোনো রক্ষী বা পুলিশকর্মী ছিলেন না। ঘটনার দিন বৃষ্টির সময় দর্শনার্থীরা বাইরে যেতে না চাওয়ায় এবং অতিরিক্ত লোকজন ঢুকে পড়ায় পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। চোরবাগানের মণ্ডপে পদপিষ্টের ওই ঘটনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছিল।

নিরাপত্তারক্ষীদের নিয়োগের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে পুলিশ। কোন পরিস্থিতিতে কী করতে হবে, সে বিষয়ে তাঁদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। কেবল দর্শনার্থীদের দ্রুত বের করে দেওয়ার কথাই বলা হয়েছিল।