পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে সিআইডি হানা, খোঁজ মেলেনি বিধায়কের
বুধবার মাঝরাতে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দেয় সিআইডি ও পুলিশ, খোঁজ মেলেনি বিধায়কের।
ক্ষমতা খাটিয়ে কম দামে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিল সিআইডি এবং পুলিশ। বুধবার মাঝরাতে ডায়মন্ড হারবার পুলিশকে সঙ্গে নিয়ে সরিষায় বিধায়কের বাড়িতে যান তদন্তকারীরা। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করা হলেও কেউ দরজা খোলেননি। খোঁজ মেলেনি বিধায়কেরও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে থাকেন না শামিম আহমেদ। পরে তদন্তকারী দল ফিরে যায়। গত বছর কম দামে জমি হাতানোর একটি অভিযোগ ওঠে শামিমের বিরুদ্ধে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি এই অভিযান চালিয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ডায়মন্ড হারবারের একটি পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনাতেও বিধায়কের নাম জড়িয়েছিল।