ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সিনেতারকাদের খুনের হুমকি, ফড়ণবীসের দ্বারস্থ সিনে সংগঠন
বলিউড তারকাদের নিরাপত্তা জোরদার করার দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
অমিতাভ বচ্চন, সলমন খান সহ বলিউডের একাধিক তারকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বিষ্ণোই গ্যাং ও খলিস্তানিপন্থীদের হুমকির মুখে এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে নিরাপত্তা দাবি করল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)।
সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার পাঠানো চিঠিতে জানানো হয়েছে, হুমকি অব্যাহত থাকলে সিনেশিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মীর জীবিকা বিপন্ন হবে। মুম্বই পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
চিঠিতে মূলত পাঁচটি দাবি তোলা হয়েছে। সইফ আলি খান, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন সহ সকল সিনে ব্যক্তিত্বের কঠোর নিরাপত্তার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, শুটিং লোকেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গ্যাংস্টারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং মুম্বইকে গ্যাংস্টার মুক্ত করার দাবি জানানো হয়েছে।