পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সংসদ ভবন অভিযান সিটুর, দিল্লি যাবে বাংলার শ্রমিকরা
সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বিভিন্ন দাবিতে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে সিটু, যেখানে বাংলা থেকে দশ হাজার শ্রমিক অংশ নেবেন।
সংসদের বিশেষ অধিবেশনের সময় বিভিন্ন দাবি নিয়ে সংসদ অভিযানের কর্মসূচি নিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর এই কর্মসূচি পালন করা হবে। সিটুর রাজ্য সভাপতি অনাদি সাহু জানিয়েছেন, এই অভিযানে অংশ নিতে পশ্চিমবঙ্গ থেকে ১০ হাজার শ্রমিক দিল্লিতে যাবেন। এছাড়া ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদেরও সেখানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিটুর তরফে দাবি করা হয়েছে, রাজ্যজুড়ে তাদের 'দিল্লি চলো' প্রচার চলছে। বিভিন্ন জীবিকার মানুষের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং শ্রমিকদের ধরনায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ইউএপিএ আইনের আদলে আন্দোলন দমনের চেষ্টা চলছে বলে অভিযোগ। নতুন শ্রমকোড চালুর মাধ্যমে সরকার কর্পোরেট সংস্থাকে সুবিধা দিচ্ছে বলে সংগঠনের মত। পাশাপাশি, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে শ্রমিকদের এই অভিযান থেকে বিরত রাখার চেষ্টা চলছে বলে সিটু নেতৃত্ব জানিয়েছে।
অনাদি সাহু জানান, দেশের বর্তমান নিয়মের ভিত্তিতে প্রতিটি শ্রমিকের ন্যূনতম বেতন হতে হবে ৪২ হাজার টাকা। শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ না করে স্থায়ী চাকরির দাবি জানিয়েছে সংগঠন। এছাড়া রাষ্ট্রায়াত্ত সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার তীব্র বিরোধিতা করা হয়েছে। সিটুর স্পষ্ট বক্তব্য, দিল্লিতে তাদের বাধা দেওয়া হলে সেখানেই অবস্থান বিক্ষোভে বসবেন শ্রমিকরা।
সংগঠনের দাবি, হাইকোর্টের নির্দেশ রয়েছে পুনর্বাসন ছাড়া কোনও হকার উচ্ছেদ করা যাবে না। পাশাপাশি গত ১০ আগস্টের জেল ভরো আন্দোলন দমাতে রাজ্য সরকার সক্রিয় ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ করেছে সিটু। সব বাধা পেরিয়ে এই কর্মসূচি সফল করা হবে বলে জানানো হয়েছে।