RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় হামলা, হাওড়ায় ধৃত সিভিক ভলান্টিয়ার

বাড়ির পাশে মদ্যপানের প্রতিবাদ করায় মা ও মেয়েকে নিগ্রহের অভিযোগ উঠল। বাধা দেওয়ায় প্রহার করা হয় গৃহকর্তাকে। গ্রেপ্তার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ার ও তাঁর ভাইকে।

বাড়ির পাশে মদ্যপানের আসর বসানোর প্রতিবাদ করায় এক দম্পতি ও তাঁদের মেয়েকে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর বকুলতলা এলাকায় প্রসেনজিৎ জেটির বাড়ির পাশের মাঠে কয়েকজন মদ্যপান করছিলেন। সেই সময় সেখানে অশালীন আচরণ করা হচ্ছিল বলে অভিযোগ। প্রসেনজিতের স্ত্রী ও তাঁর নাবালিকা মেয়ে এই ঘটনার প্রতিবাদ জানান। অভিযোগ, এরপর অভিযুক্তরা তাঁদের ওপর চড়াও হন। মা ও মেয়ের গায়ে হাত দেওয়া হয় এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে।

পরিবারের লোকজনকে বাঁচাতে এগিয়ে আসেন প্রসেনজিৎ। সেই সময় তাঁর মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় কয়েকটি সেলাই পড়েছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দিব্যেন্দু আদক ও শুভেন্দু আদক নামের দুই ভাইকে গ্রেপ্তার করে। ধৃত দিব্যেন্দু গোয়েন্দা বিভাগে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন বলে জানা গিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।