RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কলেজ স্ট্রিটে সংঘর্ষ, এসএফআই ও এবিভিপিণ্ডর বিক্ষোভ

বুধবার কলেজ স্ট্রিটে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়ায়, ব্যারিকেড ভেঙে ইটবৃষ্টির জেরে ব্যাহত হয় যান চলাচল।

বুধবার দিনভর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট এলাকা। এসএফআই এবং এবিভিপির বুকস্টল দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সন্ধ্যার দিকে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হয় এবং দুপক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। হামলায় বাঁচার জন্য এসএফআই সদস্যদের চেয়ার মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কলেজ স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায় এই গোলমালের জেরে তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। যদিও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এসএফআই। তাদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সকাল থেকেই দুই সংগঠনের মধ্যে টানটান উত্তেজনা বজায় ছিল। এসএফআইয়ের বইয়ের টেবিলের উলটোদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বুকস্টল দেওয়ার পরিকল্পনা করা হলে বচসা শুরু হয়। সেই বিরোধ থেকেই পরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। মাঝখানে ব্যারিকেড ও গার্ডরেল দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।