RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কলেজ স্ট্রিটে সংঘর্ষ, এসএফআই ও এবিভিপি দ্বন্দ্বে উত্তপ্ত বইপাড়া

বুকস্টল দেওয়াকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটে এসএফআই এবং এবিভিপির সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।

সোমবার দুপুর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট এলাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এসএফআই এবং এবিভিপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে ধুন্ধুমার বাধে। বইপাড়ায় বুকস্টল দেওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়।

পুলিশ সূত্রে খবর, সোমবারের অশান্তির পর কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এসএফআইকে বুকস্টল দেওয়ার অনুমতি দেওয়া হয়। এর প্রতিবাদে মঙ্গলবার পাল্টা বুকস্টল দেওয়ার দাবিতে পথে নামে এবিভিপি। দুই পক্ষই রাস্তায় মুখোমুখি অবস্থানে চলে আসে। মাঝে ছিল পুলিশের ব্যারিকেড।

পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, ইট ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সংঘর্ষের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে পুরো বইপাড়া চত্বর।

এদিন দুই শিবিরের সংঘর্ষের সময় চকোলেট বোমা ও ডিম ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গেও বচসা ও ধস্তাধস্তিতে জড়ান ছাত্র সংগঠনের কর্মীরা। রাস্তায় বসেও বিক্ষোভ দেখান তাঁরা। এই ঘটনায় কলেজ স্ট্রিট চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়।