RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

কালীপুজোর বিসর্জনে সংঘর্ষ ঝাড়খণ্ডে, আহত চার পুলিশকর্মী

কালীপুজোর বিসর্জনের সময়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে ঝাড়খণ্ডের পালামৌ জেলা, আহত হয়েছেন চার পুলিশকর্মীসহ একাধিক জন।

কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে ঝাড়খণ্ডের পালামৌ জেলা। দুই গোষ্ঠীর সংঘর্ষে চার জন পুলিশকর্মীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পালামৌ জেলার রেহালা থানার অন্তর্গত রাক্ষাহা গ্রামে বিসর্জনের সময়ে কয়েকজন যুবকের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের উপরেও হামলা চালানো হয়। পুলিশকর্মীদের লক্ষ্য করে ব্যাপক পাথর ছোড়া হয় এবং একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে চার রাউন্ড গুলি চালায়। আহত পুলিশকর্মীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ ৩১ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের সন্ধানে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।অন্যদিকে, চাতরা জেলার হান্টারগঞ্জ এলাকায় বশিষ্ঠ নগর থানা এলাকার কাটাইয়া গ্রামে অন্য একটি ঘটনায় ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার জল তোলার সময়ে একদল ব্যক্তি তাঁর উপর চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।