RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কলেজ স্ট্রিটে এসএফআই ও এবিভিপি সংঘর্ষ, প্রতিক্রিয়া শমীকের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুকস্টল স্থাপনকে কেন্দ্র করে এসএফআই এবং এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট।

বইপাড়ায় ফের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে মুখোমুখি সংঘাতে জড়াল এসএফআই এবং এবিভিপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ।

সোমবার থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। মঙ্গলবারও দুই ছাত্র সংগঠনের গোলমালে উত্তেজনা ছড়ায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এসএফআইয়ের বুকস্টল দেওয়ার অনুমতি ছিল। এর প্রতিবাদে আজ পাল্টা বুকস্টল করার চেষ্টা করে এবিভিপি। রাস্তার একদিকে এসএফআই এবং অন্যদিকে এবিভিপি অবস্থান নেয়। মাঝে মোতায়েন ছিল পুলিশ।

পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে দুই পক্ষ। পুলিশের সঙ্গে তাদের বচসা এবং ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় ছাত্ররা। দুপক্ষের মধ্যে ইট ও চেয়ার ছোড়াছুড়ি হয়। এমনকি চকোলেট বোম এবং ডিম ছোঁড়ার অভিযোগও উঠেছে। এই সংঘর্ষের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বইপাড়া।

এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন, দুটো ছাত্র সংগঠন নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবে, এতে তাঁদের টানাটানি কেন হচ্ছে।