পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কলেজ স্ট্রিটে সংঘর্ষ, বিমান বসুকে গো ব্যাক স্লোগান
বইপাড়ায় এসএফআই ও এবিভিপি সংঘর্ষের জেরে তীব্র উত্তেজনা, কলেজ স্ট্রিটে বিমান বসুকে গো ব্যাক স্লোগান।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই এবং এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ স্ট্রিট। মঙ্গলবার বিকেলে এসএফআইয়ের বুকস্টলে ভিজিট করতে যান প্রবীণ বাম নেতা বিমান বসু। সেই সময় তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন এবিভিপি সমর্থকরা। সোমবার থেকেই বইপাড়ায় দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এসএফআইকে বুকস্টল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে মঙ্গলবার পাল্টা বুকস্টল করার চেষ্টা করে এবিভিপি। এরপরই দুই পক্ষ মুখোমুখি চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। রাস্তার একদিকে এসএফআই এবং অন্যদিকে এবিভিপি অবস্থান বিক্ষোভ শুরু করে। পুলিশের সঙ্গে দুই পক্ষেরই বচসা ও ধস্তাধস্তি বাধে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর। পুলিশের সামনেই ইট এবং চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ ওঠে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে দুপক্ষই। সংঘর্ষের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বইপাড়ার রাস্তা। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।