RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বালুরঘাটে ছাত্রাবাসে ফুচকায় কন্ডোম মিশিয়ে খাওয়ানোর অভিযোগ, হাসপাতালে ভর্তি নবম শ্রেণির ছাত্র

বালুরঘাটের এক ছাত্রাবাসে নবম শ্রেণির ছাত্রকে ফুচকায় কন্ডোম মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একটি বিদ্যালয়ের ছাত্রাবাসে নবম শ্রেণির এক ছাত্রকে ফুচকায় কন্ডোম ভরে খাওয়ানোর অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থ অবস্থায় ওই ছাত্রকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রটির বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায়। তার বাবা পরিযায়ী শ্রমিক এবং মা কৃষিকাজের সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার টিফিনের সময়ে ছাত্রাবাসের অন্য চার পড়ুয়া বাইরে থেকে ফুচকা কিনে আনে। অভিযোগ, সেই ফুচকার ভেতরে কন্ডোম ঢুকিয়ে তা খেতে দেওয়া হয় ওই ছাত্রকে। কিছু না বুঝেই সে সেই ফুচকা খেয়ে ফেলে।

ফুচকা খাওয়ার পরেই অস্বস্তি এবং পেটে ব্যথা শুরু হয় নবম শ্রেণির ওই ছাত্রের। সেই সময়ে অভিযুক্ত সহপাঠীরা জানায় যে তারা মজা করেই ফুচকার ভেতরে কন্ডোম ভরে দিয়েছিল। এরপরই পুরো বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় অসুস্থ ছাত্র। ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে তাকে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অভিযুক্ত চার পড়ুয়ার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। ছাত্রাবাসের ভেতরে নাবালক পড়ুয়ারা কীভাবে কন্ডোম পেল, তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।