জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রথম ডেটে এই ভুলগুলি হতে পারে কাল, হতে হবে সতর্ক
প্রথম ডেটে যাওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্ক না হলে ভেস্তে যেতে পারে সমস্ত পরিকল্পনা।
সোশাল মিডিয়ার মাধ্যমে আজকাল বহু প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রথম ডেটে যাওয়ার আগে সবার মধ্যেই একটা উৎসাহ ও অস্বস্তি কাজ করে। তবে কিছু ছোট ভুলের কারণে প্রথম দেখাতেই ভেস্তে যেতে পারে সমস্ত পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ডেটে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।
অনেকেই প্রথম ডেটে গিয়েও ফোনে ব্যস্ত থাকেন। উলটোদিকের মানুষটি আপনার থেকে সময় ও মনোযোগ আশা করেন। এই সময়ে ফোনে মুখ গুঁজে থাকলে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। মেসেজে যিনি খুব খোলামেলা, সামনাসামনি দেখা হলে অনেক সময় তাঁর মধ্যে জড়তা কাজ করতে পারে। তবে অতিরিক্ত আচরণগত ফারাক অন্য পক্ষকে হতাশ করতে পারে।
প্রশংসা শুনতে কার না ভালো লাগে। কিন্তু প্রথম দেখাতেই বারবার বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য করা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। বাহ্যিক রূপের চেয়ে ব্যক্তিত্ব ও মতামতের গুরুত্ব দেওয়া ভালো। প্রতিটি মানুষের জীবনে কিছু ব্যক্তিগত বিষয় থাকে। প্রথম দেখাতেই সেই গোপন কথা জানার জন্য চাপ দেওয়া উচিত নয়। সম্পর্ক এগিয়ে গেলে সেই সব কথা নিজে থেকেই সামনে আসবে।
এছাড়া প্রথম দেখাতেই ভবিষ্যতের বড় পরিকল্পনা বা বিয়ের সময় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকা ভালো। এই ধরনের কথাবার্তা প্রথম ডেটে অপ্রয়োজনীয় চাপের সৃষ্টি করতে পারে।