RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

কংগ্রেসের অনুদানে ধস, এক বছরে কমল ৭৫ শতাংশের বেশি

রিপোর্ট অনুযায়ী, এক বছরে কংগ্রেসের কুড়ি হাজার টাকার বেশি অনুদান প্রায় চারশো কোটি টাকা কমেছে।

এক বছরে ৭৫ শতাংশের বেশি কমল কংগ্রেসের অনুদানের পরিমাণ। দলের এক্সিকিউটিভ কমিটিতে পেশ করা রিপোর্ট অনুযায়ী, কুড়ি হাজার টাকার বেশি অঙ্কের অনুদান আগের তুলনায় প্রায় চারশো কোটি টাকা কমেছে।

২০২৪-২৫ অর্থবর্ষে লোকসভা নির্বাচনের সময় কুড়ি হাজার বা তার বেশি অঙ্কের অনুদান বাবদ কংগ্রেস পেয়েছিল ৫১৭.৩৯ কোটি টাকা। কিন্তু সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবর্ষে সেই অনুদানের পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র ১৩০.৬৯ কোটি টাকা। ফলে এক বছরে বড় ধাক্কা খেয়েছে দলের কোষাগার।

গত ১২ বছরের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষের পর এটি অনুদানে সবচেয়ে বড় পতন। এর প্রধান কারণ হিসেবে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্টের অনুদান কমার কথা বলা হয়েছে। আগের বছর এই ট্রাস্ট কংগ্রেসকে ২১৬.৩৪ কোটি টাকা দিলেও, ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে হয়েছে মাত্র ২৫ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবর্ষের তথ্যে দেখা গিয়েছে, এই ক্যাটেগরিতে কংগ্রেসের তুলনায় প্রায় বারো গুণ বেশি অর্থ পেয়েছিল বিজেপি। সেবছর কংগ্রেস ৫১৭.৩৯ কোটি টাকা পেলেও বিজেপির ঝুলিতে এসেছিল ৬০৭৪.০২ কোটি টাকা। যদিও ২০২৫-২৬ অর্থবর্ষে বিজেপির অনুদানের হিসাব এখনও প্রকাশ্যে আসেনি। কংগ্রেস জানিয়েছে, এই হিসাব শুধুমাত্র কুড়ি হাজার টাকার বেশি অনুদানের ক্ষেত্রে প্রযোজ্য এবং এর সঙ্গে দলের মোট আয়ের হিসাব মেলানো যায় না।