RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সংসদে বুলডোজার নীতি চলছে, কেন্দ্রকে তীব্র আক্রমণ কংগ্রেসের

৮৮ দিন পার হয়ে গেলেও এখনও শেষ হয়নি সংসদের বাদল অধিবেশন, কেন্দ্রের বিরুদ্ধে বুলডোজার চালানোর অভিযোগ তুলল কংগ্রেস।

ইতিহাসে প্রথমবার দীর্ঘ সময় ধরে চলছে সংসদের বাদল অধিবেশন। ৮৮ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত অধিবেশন সমাপ্তির কোনও বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্র। এই দীর্ঘসূত্রিতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে কেন্দ্রের সমালোচনা করে জানান, অতীতে এমন নজির নেই।

জয়রাম রমেশের দাবি, ইচ্ছাকৃতভাবে অধিবেশন জারি রেখেছে সরকার। আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই তৃতীয়াংশ সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছে হাত শিবির। রমেশ বলেন, সংসদের ভেতরেও বুলডোজার চালানোর চেষ্টা চলছে। তবে বিরোধী দলগুলি এই চক্রান্ত সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত ১৩ আগস্ট লোকসভা এবং রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। সাধারণত মুলতুবি হওয়ার কয়েক দিনের মধ্যেই অধিবেশন সমাপ্তির ঘোষণা করা হয়। কিন্তু এবার সেই নিয়ম মানা হয়নি। কংগ্রেসের অভিযোগ, আসন পুনর্বিন্যাস বা অন্য কোনও বিশেষ বিল পাশ করানোর উদ্দেশ্যেই সরকার এই অস্বাভাবিক দেরি করছে। এর আগে বাজেট অধিবেশনে প্রয়োজনীয় সংখ্যা না থাকায় বিল আটকে গিয়েছিল। আসন পুনর্বিন্যাস নিয়ে সর্বদল বৈঠকের দাবি বারবার জানানো হলেও প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।