ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
নবাবি সাজে আপত্তির জেরে, করিনাকে আইনি নোটিস কংগ্রেস নেতার
প্রাচীন লকেটে পবিত্র আয়াত ব্যবহারের অভিযোগে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানকে আইনি নোটিস পাঠিয়েছেন এক কংগ্রেস নেতা।
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানকে আইনি নোটিস পাঠিয়েছেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা। অভিযোগ, দীপাবলি উৎসবে অভিনেত্রীর পরা একটি প্রাচীন লকেটে পবিত্র কোরানের আয়াত খোদাই করা ছিল, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে।
কংগ্রেস নেতা ও সমাজকর্মী আব্বাস হাফিজ তাঁর আইনজীবীর মাধ্যমে এই নোটিস পাঠিয়েছেন। সাম্প্রতিক দিওয়ালি পার্টিতে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন করিনা। সেই ছবিগুলিতে তাঁকে একটি দুর্মূল্য ঐতিহ্যশালী লকেট পরে থাকতে দেখা যায়। অভিযোগ উঠেছে, অবিভক্ত ভোপালের রাজপরিবারের ওই পান্নার লকেটে পবিত্র ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।
আব্বাস হাফিজের দাবি, ভোপালের রাজপরিবারের তৈরি ওই ঐতিহাসিক লকেটটি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হত, ফ্যাশনের গয়না হিসেবে নয়। পবিত্র আয়াতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে ওই পোস্টটি মুছে ফেলা এবং করিনাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ওই কংগ্রেস নেতা। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।