ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে, শুরু রাজনৈতিক তরজা
ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
ঝাড়খণ্ডের এক কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সিমডেগা জেলার এই ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নির্যাতিতা জানিয়েছে, গত ৫ আগস্ট তাকে পড়াশোনার প্রলোভন দেখিয়ে সিমডেগায় বিধায়কের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল। বিধায়কের স্ত্রী ও তাঁর বোন এই কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগ। সেখানে তাকে দিয়ে পরিচারিকার কাজ করানো হয় এবং ওই বিধায়ক তাকে নির্যাতন করেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, কাউকে এই বিষয়ে মুখ না খুলতে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছে কিশোরী। ঘটনার পর তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। জিমডেগার ডিএসপি নীরজ কুমার জানিয়েছেন, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এই বিষয়ে অভিযুক্ত বিধায়ক অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তাঁকে ফাঁসানোর জন্য রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। ওই কিশোরী তাঁর বাড়িতে কাজ করত বলে স্বীকার করলেও তিনি জানান, জুলাই মাসে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এত দিন পরে কেন এই অভিযোগ তোলা হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক জোটের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দোষী বিধায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা।