RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

দীপাবলি নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস সাংসদের, নিন্দা বিজেপির

দীপাবলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের তীব্র সমালোচনা করেছে বিজেপি।

দীপাবলিকে মানবসৃষ্ট রোগ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। পালটা তোপ দেগেছে বিজেপি।

সম্প্রতি দিল্লির পাশাপাশি সাহারানপুরের বায়ুদূষণ নিয়ে মুখ খুলেছিলেন সাহারানপুরের সাংসদ ইমরান। তিনি জানান, রাতের দিকে দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করছে। তাঁর দাবি, এই ধরনের পরিস্থিতি মানুষেরই তৈরি করা। এই সমস্যা মোকাবিলায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কেবল প্রশাসনের পক্ষে সবটা সামলানো সম্ভব নয় বলেও মত প্রকাশ করেন ওই কংগ্রেস নেতা।

এর পরেই সরব হয় বিজেপি। দলের মুখপাত্র রাকেশ ত্রিপাঠী অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্ব ক্রমাগত সনাতন ধর্ম ও হিন্দুত্বকে অবমাননা করে চলেছেন। কোটি কোটি মানুষ এই উৎসব পালন করলেও তাকে রোগ বলা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর জন্য কংগ্রেসকে রাজনৈতিক মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা।

বিতর্ক তীব্র হতেই অবশ্য নিজের অবস্থান বদল করেন ইমরান। তিনি দাবি করেন, দীপাবলি নিয়ে তিনি ওই ধরনের কোনো কথাই বলেননি। তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি নিজে দীপাবলি উদ্‌যাপন করেন বলেও জানান। তাঁর মূল বক্তব্য ছিল, এমনিতেই বাতাসের অবস্থা খারাপ থাকে, যা উৎসবের সময়ে আরও শোচনীয় হয়ে পড়ে।