প্রবাসী বাঙালি · রাষ্ট্রিক্স ওয়্যার
কনসার্টে পাঠানোর টোপ, কলেজছাত্রীদের কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ কংগ্রেস ছাত্রনেতার বিরুদ্ধে
দিল্লির রামানুজন কলেজে দিলজিতের কনসার্টে প্রবাসী ভারতীয়দের সঙ্গী হওয়ার লোভ দেখিয়ে ছাত্রীদের কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের ছাত্র নেতার বিরুদ্ধে।
দিল্লির একটি কলেজে কনসার্টে প্রবাসী ভারতীয়দের সঙ্গী হওয়ার লোভ দেখিয়ে ছাত্রীদের কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের ছাত্র সংগঠনের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আনাস খান ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামানুজন কলেজের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। আগামী ২১ নভেম্বর আহমেদাবাদে গায়ক দিলজিত দোসাঞ্ঝের একটি কনসার্ট রয়েছে। সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের সঙ্গী হওয়ার জন্য ছাত্রীদের নানা সুযোগ সুবিধার লোভ দেখানো হচ্ছিল বলে অভিযোগ।
প্রকাশ্যে আসা হোয়াটসঅ্যাপ চ্যাট অনুযায়ী, মূলত ১৭ থেকে ১৮ বছর বয়সি প্রথম বর্ষের ছাত্রীদের নিশানা করতেন ওই ছাত্রনেতা। কনসার্টের টিকিট, যাতায়াতের খরচ ছাড়াও মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবিভিপির দিল্লি শাখা এই বিষয়টি প্রকাশ্যে আনে।
গত ৬ নভেম্বর অভিযুক্ত ছাত্রনেতাকে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করেছে। কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সময়ই দলবিরোধী কাজের জন্য আনাসকে সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। এবিভিপির তরফে আনাসের বিরুদ্ধে কঠোর তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।