ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধে আইন আনুক কেন্দ্র, পরামর্শ সুপ্রিম কোর্টের
রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধ করতে উপযুক্ত আইন আনার জন্য কেন্দ্রকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।
রক্তের সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে নতুন আইন আনার বিষয়ে বিবেচনা করুক কেন্দ্র, এমনই পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশজুড়ে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেছিলেন বেঙ্গালুরুর এক আইনের ছাত্রী। চারভি এস নামের ওই ছাত্রী তাঁর আর্জিতে জানান, তিনি নিজেই রক্তের সম্পর্কের দম্পতির সন্তান এবং জন্মগতভাবে ৪০ শতাংশ দৃষ্টিহীন। তাঁর যুক্তি, এই ধরনের বিবাহের ফলে পরবর্তী প্রজন্মের শিশুদের মধ্যে জিনগত রোগ, জন্মগত বিকৃতি, অন্ধত্ব ও নানা শারীরিক অক্ষমতা দেখা দেয়।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, এই ধরনের বিয়ে নিয়ন্ত্রণ করার বা সরাসরি আইন তৈরি করার এক্তিয়ার আদালতের নেই। এটি সম্পূর্ণভাবে সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। তবে এই বিষয়ে উপযুক্ত আইনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রকে একটি নোটিস পাঠানো হয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আদালত সরকারকে কোনো নির্দেশ দিচ্ছে না, তবে সংবেদনশীলভাবে বিষয়টি বিবেচনা করার জন্য অনুপ্রাণিত করছে।
শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে স্কুলের পাঠ্যক্রমে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করে বা প্রচারের মাধ্যমে নাগরিকদের সতর্ক করা যেতে পারে। একই সঙ্গে আদালত এ কথাও স্পষ্ট করে দিয়েছে যে, বিয়ে প্রতিটি মানুষের ব্যক্তিগত পছন্দ এবং অধিকারের বিষয়, তাই নাগরিকদের সচেতন সিদ্ধান্ত নিতে হবে।