RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি, গ্রেপ্তার অভিযুক্ত দুষ্কৃতী

শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি করার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে।

শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার করা হল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে। বর্ধমানের নবাবহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এই অভিযান চালায়। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে।

গত শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইক বাজারে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর পায়ে গুলি লাগে। প্রথমে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

শনিবার রাতে আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। তাঁর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ রতন শেখকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।